রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

বিয়ের আগে শারীরিক সম্পর্ক ও মদপান, যুগলকে ১৪০ বার বেত্রাঘাত

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক এবং মদপানের অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে মোট ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক ও মদপান,  যুগলকে ১৪০ বার বেত্রাঘাত
বেত্রাঘাতের সময় কাঁদছেন এক নারী । ছবি সংগৃহীত

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক এবং মদপানের অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে মোট ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী ওই তরুণীকে তিনজন নারী কর্মকর্তা বেত্রাঘাত করেন। শাস্তি কার্যকরের সময় কাঁদতে কাঁদতে তিনি একপর্যায়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে স্টেজ থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় শুধু ওই যুগলই নয়, বৃহস্পতিবার আরও চারজনকে বেত্রাঘাত করা হয়েছে। তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিলেন। প্রত্যেকের বিরুদ্ধেই ইসলামী শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গের ঘটনায় বেত্রাঘাতকে নিয়মিত শাস্তি হিসেবে প্রয়োগ করা হয়। সেখানে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বার এবং মদ পান করলে ৪০ বার বেত্রাঘাতের বিধান রয়েছে।

বিবিসি আরও জানায়, গতকাল ইসলামিক ফোর্সের ওই সদস্যকে ২৩ বার বেত্রাঘাত করা হয়। অভিযোগ ছিল, তিনি একটি ব্যক্তিগত স্থানে নারী পার্টনারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন।

আচেহ'র ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল বিবিসিকে বলেন, বাহিনীর ওই সদস্যকে তার পার্টনারের বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি জানান, অভিযুক্ত সদস্যকে বরখাস্ত করা হবে।