থ্যালাসেমিয়াকে একটি জন্মগত ও রক্তস্বল্পতাজনিত জটিল ব্যাধি হিসেবে উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বামী ও স্ত্রী উভয়ই এই রোগের বাহক হলে সন্তানদের মধ্যে এর সংক্রমণ ঘটে। তাই দাম্পত্য জীবন শুরুর আগেই নারী ও পুরুষ উভয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করা এখন সময়ের দাবি।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের একটি বড় অংশই জানেন না তারা এই রোগের বাহক কি না। পরিসংখ্যানে দেখা গেছে, দেশে প্রতি নয়জনের মধ্যে একজন থ্যালাসেমিয়ার বাহক এবং প্রতিবছর প্রায় আট হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা ও বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার কোনো বিকল্প নেই। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডা. জাহিদ আরও বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষকে মূলধারায় ফিরিয়ে আনতে কাজ চলছে। স্বাস্থ্যসেবা উন্নত করার পাশাপাশি দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য।
বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার সাজিয়া ইসলাম এবং হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বক্তারা থ্যালাসেমিয়ামুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।