রাজধানীর বনানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন শ্রমিক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডে উঠে গিয়ে সড়কের পাশে কর্মরত সিটি করপোরেশনের শ্রমিকদের ওপর উঠে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বনানী সেতু ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন দুইজন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা সিটি করপোরেশনের শ্রমিক ছিলেন এবং সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও হেলপার বাধা দেন। এ নিয়ে হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে জোরে ধাক্কা দেয়। এতে সড়কে কাজ করা দুই শ্রমিক বাসের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ বাসটি সরিয়ে নেয়, তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভুঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন (পুরুষ) নিহত হন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।”