বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট

উড়োজাহাজ সংকট ও আসন্ন হজ কার্যক্রমের চাপের কারণে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে বিদ্যমান কয়েকটি উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।


উড়োজাহাজ সংকট ও আসন্ন হজ কার্যক্রমের চাপের কারণে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে বিদ্যমান কয়েকটি উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

বিমান কর্তৃপক্ষ রোববার (৪ জানুয়ারি) জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ।

সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বর্তমানে উড়োজাহাজের সংখ্যা সীমিত। এর মধ্যে হজ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি, একাধিক বিমানের লং টাইম মেইনটেনেন্স এবং পুরো নেটওয়ার্কে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করতেই ঢাকা–ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা–ম্যানচেস্টার রুটের পরিবর্তে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইট সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ফ্লাইটের তারিখ পরিবর্তন, , রিফান্ডসহ অন্যান্য সেবাও বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন টিকিট বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই সিদ্ধান্তের কারণে যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানানো হবে বলেও সংস্থাটি জানিয়েছে।