দক্ষিণ বনশ্রী এলাকায় ঢাকা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন।
শনিবার সকালে দক্ষিণ বনশ্রীর ডি-ব্লক সংলগ্ন ৪ তলা ভবন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সকালের দিকে সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান আওলাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই তারা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছেন। বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় ঘাতক গাড়িটি ও এর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ।