বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

‘বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকার কাজ করছে, আতঙ্কিত হবেন না’:উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ার সম্ভাবনা থাকলেও তা মোকাবিলায় সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি যেকোনো ধরনের পণ্য মজুত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। বুধবার সচিবালয়ে বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকার কাজ করছে, আতঙ্কিত হবেন না’:উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ার সম্ভাবনা থাকলেও তা মোকাবিলায় সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি যেকোনো ধরনের পণ্য মজুত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

বুধবার সচিবালয়ে বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য সত্ত্বেও দেশের সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সরকার আপাতত তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ভর্তুকি বজায় রাখতে জনগণকে জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে কাতারের গ্যাসক্ষেত্রে সাম্প্রতিক হামলার ফলে বিশ্ববাজারে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের চুক্তিবদ্ধ আমদানিতেও পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জ্বালানি নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো ফিলিং স্টেশন বা পাম্প মালিক যদি অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিশেষ নজরদারি শুরু করা হয়েছে।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সারা বিশ্ব সংকটে পড়লেও বাংলাদেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। সরকারের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই বলে তিনি স্পষ্ট জানান। মন্ত্রী সাধারণ জনগণকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার পরামর্শ দেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়াতে নিষেধ করেন।