ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বৈশামুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয় এবং প্রায় ৩০ জন আহত হন।
গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী, শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।