শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়া কে এই এডারসন

বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন তরুণ ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় শেষ মুহূর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এডারসনকে।

ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়া কে এই এডারসন
ওয়েসলির পরিবর্তে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন এডারসন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন তরুণ ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় শেষ মুহূর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এডারসনকে।

রোববার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিবৃতিতে সিবিএফ বলেছে, 'ওয়েসলি দলের সবার প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে থাকা এই দলের অংশ হিসেবেই তাকে সবসময় বিবেচনা করা হবে।'

শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ উরুর পেশিতে চোট পান ওয়েসলি। চোট পাওয়ার পর ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তী পরীক্ষায় জানা যায়, ২১ বছর বয়সী রোমার এই ডিফেন্ডার বিশ্বকাপে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই।

ওয়েসলির পরিবর্তে সুযোগ পেয়েছেন এডারসন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো কোনো ম্যাচ না খেললেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তার খেলা তিনটি ম্যাচই হয়েছিল সাবেক কোচ দরিভাল জুনিয়রের সময়ে।

বর্তমানে ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলছেন এডারসন। সদ্য শেষ হওয়া ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করে আগামী মৌসুমের কনফারেন্স লিগের প্রাথমিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। ২০২৪ সালে আতালান্তার হয়ে ইউরোপা লিগ জয়ের স্বাদও পেয়েছিলেন তিনি। একই মৌসুমে ইতালিয়ান কাপের রানার্সআপ হয়েছিল দলটি।

আতালান্তার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলেছেন এডারসন। এসব ম্যাচে করেছেন ১৬ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬ গোল। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাবের নজর কেড়েছেন তিনি। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড চলতি মৌসুমে বিদায়ী ক্যাসেমিরোর সম্ভাব্য বিকল্প হিসেবে তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে।