শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ব্রাজিলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করে প্রত্যাশিত শুরু করতে পারেনি ব্রাজিল। তবে এই ফলাফল নিয়ে উদ্বিগ্ন নন কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভুল শুধরে আরও উন্নত পারফরম্যান্স উপহার দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করে প্রত্যাশিত শুরু করতে পারেনি ব্রাজিল। তবে এই ফলাফল নিয়ে উদ্বিগ্ন নন কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভুল শুধরে আরও উন্নত পারফরম্যান্স উপহার দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার ভোরে গ্রুপ ‘সি’-এর ম্যাচে ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১–০ গোলে হেরে আসা হাইতির বিপক্ষে কাগজে-কলমে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামছে সেলেসাওরা।

উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতেই ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

হাইতির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, একাদশে কিছু পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের রদবদলের পরিবর্তে নির্দিষ্ট কয়েকটি জায়গায় সমন্বয়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।

ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমরা কিছু পরিবর্তন আনব। দলের ভারসাম্য ও খেলার ধরন আরও উন্নত করতে হবে। আমরা আরও ভালো খেলতে সক্ষম এবং সেটাই আমাদের লক্ষ্য।’

আনচেলত্তির মতে, প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার পেছনে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির মানসিক চাপও একটি কারণ হতে পারে।

তার ভাষায়, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, তা কিছুটা অপ্রত্যাশিত ছিল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জার্সি পরে খেলার বাড়তি চাপ হয়ত ফুটবলারদের ওপর প্রভাব ফেলেছে।’

তবে একটি ম্যাচের ফল দিয়ে পুরো টুর্নামেন্টকে মূল্যায়ন করতে নারাজ ব্রাজিল কোচ। মরক্কোর বিপক্ষে যারা নিজেদের সেরাটা দিতে পারেননি, তাদের নিয়েও আস্থা রাখছেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘ভালো শুরু করা গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। প্রথম ম্যাচে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। আমাদের কেউই সেদিন সেরাটা খেলতে পারেনি। তবে আমার বিশ্বাস, বিশ্বকাপের প্রথম ম্যাচ কখনোই পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না।’