মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের কৌশলে পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল জাতীয় দল। তবে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখা হয়নি, এমনকি তাকে ফিলাডেলফিয়ায়ও নিয়ে যাওয়া হয়নি। ১০ নম্বর জার্সিধারী এই তারকা এখনো নিউ জার্সির হোটেল দ্য রিজেই অবস্থান করছেন।
দল ইতোমধ্যে ফিলাডেলফিয়ায় পৌঁছে গেছে। তবে নিউ জার্সির তুলনায় সেখানে ট্রেনিং ও চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে সীমিত। মূলত গণমাধ্যম কার্যক্রম, বিশ্রাম ও ম্যাচে অংশগ্রহণ ছাড়া খেলোয়াড়দের বাড়তি কোনো কার্যক্রম নেই।
এই পরিস্থিতিতে দলীয় পরিকল্পনা অনুযায়ী, নেইমারকে সঙ্গে নেওয়া হলে তার সময় ও প্রস্তুতি নষ্ট হতো বলেই বিবেচনা করা হয়েছে। এমনকি সেখানে গেলে আগামীকালের অনুশীলন সেশনেও তিনি অংশ নিতে পারতেন না। নিউ জার্সিতে খেলোয়াড়দের জন্য তুলনামূলকভাবে উন্নত সুবিধা থাকায় তাকে সেখানেই রাখা হয়েছে।
নির্বাচক কমিটির মতে, এই মুহূর্তে নেইমারকে দলে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা ছিল না। কারণ তিনি এখন পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং প্রতিদিনই মাঠ ও জিমে দুই সেশনে অনুশীলন করছেন। মূল লক্ষ্য তার পেশির শক্তি ফিরিয়ে আনা এবং শারীরিক অবস্থার উন্নতি করা।
দল ফিলাডেলফিয়ার উদ্দেশে রওনা দেওয়ার সময়ও নেইমার নিউ জার্সিতেই বিকেলের অনুশীলনে অংশ নেন। আগামীকাল সকালে এবং বিকেলেও তার অনুশীলন সূচি রয়েছে।
চাইলেই নিউ জার্সি থেকে দুই ঘণ্টার পথ পাড়ি দিয়ে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারতেন নেইমার। তবে সেই সম্ভাবনা আপাতত বিবেচনায় নেই। আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও তার খেলার সম্ভাবনা অনিশ্চিত। তবে নকআউট পর্বে সম্পূর্ণ ফিট হয়ে ফেরার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।