ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রে জনমত গঠনের লড়াই তীব্র হয়ে উঠেছে। যুদ্ধের পক্ষে সমর্থন বাড়াতে প্রশাসনের জোরালো প্রচারণা থাকলেও বাস্তবে মার্কিন জনগণের বড় একটি অংশ এই যুদ্ধে আগ্রহ দেখাচ্ছে না—এমনটাই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে।
গত ১২ মার্চ সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে ঘিরে শুরু হওয়া ইরান যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন নিশ্চিত করতে ওয়াশিংটন সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে। এ লক্ষ্যেই হোয়াইট হাউস, পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হলিউডের ধাঁচে তৈরি ভিডিও ও বিভিন্ন মিম সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে এসব প্রচারচিত্রের মিল খুব একটা নেই।
১০ মার্চ নিউইয়র্ক টাইমস জানায়, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে ইরানে হামলা শুরু করার পর করা এক জরিপে দেখা গেছে—ইরান আক্রমণের পক্ষে মার্কিন জনসমর্থন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের যেকোনো যুদ্ধের তুলনায় সবচেয়ে কম। অধিকাংশ মার্কিনি এই যুদ্ধের বিরোধিতা করছেন।
গ্যালাপের জরিপ অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে জাপানের হামলার পর যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রায় ৯৭ শতাংশ মার্কিনি সেই যুদ্ধকে সমর্থন করেছিলেন।
পরে আফগানিস্তান যুদ্ধে প্রায় ৯২ শতাংশ মার্কিন নাগরিকের সমর্থন ছিল। এমনকি ব্যাপক সমালোচিত ইরাক যুদ্ধের সময়ও ৭৬ শতাংশ মানুষ যুদ্ধের পক্ষে মত দিয়েছিলেন।
অন্যদিকে ১ মার্চ রয়টার্স ও ইপসোসের জরিপে দেখা যায়, প্রতি চারজন মার্কিনির মধ্যে মাত্র একজন ইরান যুদ্ধকে সমর্থন করেছেন।
তবে ৩ মার্চ ট্রাম্প-সমর্থক ফক্স নিউজ জানায়, ইরানে হামলার প্রশ্নে মার্কিন সমাজ বিভক্ত। তাদের জরিপে অংশ নেওয়া ভোটারদের ৫০ শতাংশ যুদ্ধের পক্ষে মত দিয়েছেন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধকে ঘিরে প্রচারণা বা অপপ্রচার নতুন বিষয় নয়। কিন্তু এত প্রচেষ্টা সত্ত্বেও বেশিরভাগ মার্কিনি ইরান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
যদিও ট্রাম্প প্রশাসন দেশের জনগণের কাছে যুদ্ধকে ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাস্তবে তা জনমনে বড় প্রভাব ফেলতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশও এই যুদ্ধে সমর্থন দিচ্ছে না।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা উদ্বিগ্ন দেখা যাচ্ছে। কখনো তিনি বলছেন যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে, আবার কখনো মন্তব্য করছেন যুদ্ধ তখনই থামবে “যখন এর আঁচ আমার গায়ে লাগবে।”
এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলাকালেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক ও বেসামরিক নেতারা নিহত হন। ১৪ মার্চ সিএনএন জানায়, এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পর তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন হিমশিম খাচ্ছে।
একই দিনে বিবিসি জানায়, ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের রিপাবলিকান জোটেও বিভাজন তৈরি হয়েছে।
প্রতিবেদনটির শুরুতেই একটি মন্তব্য উদ্ধৃত করা হয়—“এটা ইসরায়েলের যুদ্ধ। এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়।” এই মন্তব্য কোনো ট্রাম্পবিরোধী ব্যক্তির নয়; বরং ডানপন্থি মার্কিন রাজনীতিতে প্রভাবশালী কণ্ঠ ও ফক্স নিউজের সাবেক সঞ্চালক টাকার কার্লসনের। তার পরামর্শ ছিল পরিষ্কার—“সেখান থেকে বেরিয়ে যাও।”
তার মতে, বিষয়টি জটিল হলেও যুক্তরাষ্ট্রের এই সংঘাত থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়া দরকার।
প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে এবং আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের ভোটে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আবার অনেক বিশ্লেষকের মতে, ইসরায়েলে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সুবিধা করে দিতে ইরান হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই বড় সংকটে ফেলেছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের তুলনামূলক নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিত ধনী আরব দেশগুলো এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করছেন—এমন মন্তব্যও করেছেন হোয়াইট হাউস-ঘনিষ্ঠ বিশ্লেষকেরা।
এদিকে ট্রাম্পের সমর্থক ও সমালোচক—উভয় পক্ষের অনেকের অভিযোগ, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তখন যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। ফলে শান্তি আলোচনা চলার মধ্যেই হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন পরিস্থিতিকে আরও জটিল করে ফেলেছে।