সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গভীর রাতে চাঁদা আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুইজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা
বোচাগঞ্জ থানা। ছবি: সংগৃহীত


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গভীর রাতে চাঁদা আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুইজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন—ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) এবং ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। এম এ তাফসীর হাসান এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।

এ ঘটনায় রোববার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার রাত ৮টার দিকে খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করেন এবং নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেন। গেট খোলা হলে তারা ঘরে ঢুকে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খুঁজতে থাকেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে ধরে ফেলেন। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।

পরে আটক দুইজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের হাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি এবং ভিডিও ধারণের একটি ছোট ক্যামেরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।