শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়ে গেল চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। নিজেদের পথচলার অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে এই সাহিত্য উৎসবের আয়োজন করে একাডেমিটি।

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার বিতরণ
ছবি : সংগৃহীত

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়ে গেল চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। নিজেদের পথচলার অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে এই সাহিত্য উৎসবের আয়োজন করে একাডেমিটি।

শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর জেলা শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে ফিতা কাটার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন প্রখ্যাত কবি ও গবেষক আমিনুল ইসলাম, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, চাঁদপুরের সাহিত্য চর্চার ভিত্তি অত্যন্ত মজবুত। চর্যাপদের এবারের সম্মাননা প্রাপ্তদের নির্বাচন প্রক্রিয়া দেখলেই স্পষ্ট হওয়া যায় যে, তারা কতটা নিরপেক্ষ ও নিখুঁতভাবে গুণীজনদের মূল্যায়ন করে।

তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, বর্তমান সময়ে দেশের সাহিত্য অঙ্গনে অতিরিক্ত রাজনৈতিক প্রভাবের কারণে সৃষ্টিশীল চর্চার পরিবেশ ক্রমান্বয়ে মলিন হয়ে যাচ্ছে। এই বন্ধ্যাত্ব দূর করে সাহিত্যের আসল রূপ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জলছবি পত্রিকার সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী-এর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

আয়োজনের মূল আকর্ষণ হিসেবে দেশের ছয়জন খ্যাতিমান সাহিত্যিকের হাতে ২০২৫ ও ২০২৬ সালের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার হস্তান্তর করা হয়। ২০২৫ সালের জন্য কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুলকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে ২০২৬ সালের পুরস্কার লাভ করেন কবিতায় জরিনা আখতার, প্রবন্ধ সাহিত্যে প্রণব মজুমদার ও নাট্যশৈলীতে মোস্তফা কামাল যাত্রা।

পাশাপাশি নারী শিক্ষার বিকাশ ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শিউলী মজুমদার।

সম্মাননাপ্রাপ্তদের প্রশংসাপত্র পাঠ করেন জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, পিএম বিল্লাল, মিজানুর রহমান স্বপন ও ঐশী ঘোষ। এছাড়া স্বরচিত কবিতা ও আবৃত্তিতে অংশ নেন দিপান্বিতা দাস, নাজমুল ইসলাম, প্রাপ্তি এবং রাসেল ইব্রাহীমসহ বেশ কয়েকজন বাচিক শিল্পী।

অনুষ্ঠানে দিলীপ ঘোষের হাওয়াইন গিটার ও বেলাল শেখের বাঁশির সুর লহরী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি তার বক্তব্যে জানান, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি গুণী লেখকদের এই স্বীকৃতি দিয়ে আসছে। প্রতি বছর এই আসরকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তের কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের আগমনে চাঁদপুর জেলা শহর এক মিলনমেলায় পরিণত হয়।

কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সাজানো এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক প্রাবন্ধিক, কবি, শিল্পী ও সামাজিক আন্দোলনের কর্মী অংশ নেন।