চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় বাসের চাকার নিচে পড়ে তানভীর আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজের অংশ হিসেবে বর্তমানে রাস্তা থেকে পিচ তুলে ফেলা হয়েছে। ফলে পুরো সড়কে ছোট-বড় পাথর ও ধুলার আস্তরণ তৈরি হওয়ায় চলাচলের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ অভিমুখী ‘দেশ ট্রাভেলস’-এর একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসছিলেন তানভীর। রাস্তার ওপর ছড়িয়ে থাকা পাথরে চাকা পিছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সরাসরি বাসের নিচে চলে যান। ঘাতক বাসটি তাকে মোটরসাইকেলসহ প্রায় ১৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী বাস ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং বাসটি জব্দ করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।