সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন

বাংলা শিশুসাহিত্যের ছড়াঙ্গনে নীরবতা নেমে এলো। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন
সুকুমার বড়ুয়া। ছবি: সংগৃহীত


বাংলা শিশুসাহিত্যের ছড়াঙ্গনে নীরবতা নেমে এলো। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় অবস্থিত জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মেয়ে অঞ্জনা বড়ুয়া গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুকুমার বড়ুয়া গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার অবস্থার অবনতি হলে তাঁকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে পানি জমে যাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাঁকে রক্ষা করা সম্ভব হয়নি।

১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। তাঁর বাবা সর্বানন্দ বড়ুয়া এবং মা কিরণ বালা বড়ুয়া। কর্মজীবনে তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৯৯ সালে স্টোরকিপার পদ থেকে অবসর গ্রহণ করেন।

ছড়ার জগতে প্রায় ছয় দশকের নিরলস সাধনায় তিনি বাংলা শিশুসাহিত্যে নিজস্ব ও স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন। কচি-কাঁচার আসর, খেলাঘর ও মুকুলের মাহফিলসহ বিভিন্ন শিশু-কিশোর পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়েছে।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য— লেজ আবিষ্কার, ছোটদের হাট, কোয়াল খাইয়ে, ঠিক আছে ঠিক আছে, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার (দুই খণ্ড), যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা ও জীবনের ভেতরে বাইরে।

ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা এবং চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হন।

সুকুমার বড়ুয়ার মৃত্যুতে বাংলা শিশুসাহিত্যে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।