বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

দক্ষিণ কোরিয়ার ভিসা পেতে বাংলাদেশি আবেদনকারীদের প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

দক্ষিণ কোরিয়ার ভিসা পেতে বাংলাদেশি আবেদনকারীদের প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।

নতুন কেন্দ্র চালুর সঙ্গে সাধারণ ভিসা আবেদন ও পাসপোর্ট সংগ্রহের বর্তমান ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন শুধু ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যুর পুরো প্রক্রিয়া আগের মতোই সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাসে সম্পন্ন হবে।

নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা— ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধাও থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং এই সুবিধা কবে থেকে চালু হবে, তা আগামী ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবা আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।

ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরুর সময়, সেবার সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় পরবর্তী সময়ে বিস্তারিতভাবে জানানো হবে বলে দূতাবাস জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের নতুন আবেদন কেন্দ্র নিয়ে পরবর্তী নির্দেশনা ও বিজ্ঞপ্তিগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাসের প্রত্যাশা, আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমার পাশাপাশি ভিসাসংক্রান্ত সেবায় আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।