কিছুদিনের ব্যবধানেই আবারও ভারতের বিপক্ষে সেমিফাইনালে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের শেষ চারে ৪২ রানে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও এশিয়া কাপজয়ী ভারতের মুখোমুখি হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারতের মেয়েরা।
এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশ-ভারতের সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা অবশ্য আগেই তৈরি হয়েছিল। শক্তিমত্তার বিচারে ভারতের তুলনায় অনেক পিছিয়ে থাকা জাপানের বিপক্ষে ভারত জিতবে, সেটিই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। মাঠ ভেজা থাকায় ম্যাচটি পরিত্যক্ত হলে র্যাংকিংয়ের ভিত্তিতে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার করোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে জাপান। ভারতীয় বোলারদের সামনে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য পেয়ে মাত্র ৫ ওভারেই তা পেরিয়ে যায় ভারত। এ সময় ২ উইকেট হারায় তারা। ফলে ৮ উইকেটের বড় জয় নিয়ে সেমিফাইনালে উঠে যায় ভারতের মেয়েরা।
আগামী রোববার (২০ সেপ্টেম্বর) করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনাল।