চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করে বিজয়ী হন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যমতে, এই আসনের মোট ১১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকে সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী এসএম শাহজাহান, যিনি পেয়েছেন ৫৪ হাজার ৬২৭ ভোট। অর্থাৎ সরওয়ার জামাল নিজাম ৭০ হাজার ৮৩৩ ভোটের ব্যবধানে বিশাল জয় নিশ্চিত করেছেন।
এছাড়া ১১-দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ৩৪ হাজার ৩৫ ভোট পেয়েছেন। এই আসনে শুরু থেকেই সরওয়ার জামাল নিজামের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গিয়েছিল, যা ভোটের পরিসংখ্যানেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। সরওয়ার জামাল নিজামের এই বড় জয় তার নির্বাচনী এলাকায় ধানের শীষের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।