দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
নতুন তিনজনসহ চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৩ জন নারী এবং ২৭ জন পুরুষ।
এদিকে নতুন ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।