শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি

দীর্ঘ সময় ধরে চলা দুঃশাসনের অবসানের পর নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি
ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় ধরে চলা দুঃশাসনের অবসানের পর নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি উল্লেখ করেন, জনগণের এই বিপুল আকাঙ্ক্ষা পূরণে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়া ডিসিদের উদ্দেশে দেওয়া এক ভাষণে রাষ্ট্রপ্রধান এসব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন একটি দায়বদ্ধ, স্বচ্ছ এবং সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে জনমানুষের আস্থা অর্জন করা এখন সময়ের দাবি। তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, নীতি ও প্রকল্পগুলো মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের ওপর জোর দেন। বিশেষ করে সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিক সময়ে পৌঁছায়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি বিগত অন্তর্বর্তী সরকারের সময় জেলা প্রশাসকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ না পাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, গত বছরের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। তৎকালীন সরকার রাষ্ট্রপতিকে এই সাংবিধানিক রীতি থেকে বঞ্চিত করেছিল। বর্তমান নির্বাচিত সরকার পুনরায় এই প্রথা চালু করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পেশাদারিত্ব দেখানোর জন্য তিনি জেলা প্রশাসকদের প্রশংসা করেন।

বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। দেশে জ্বালানির অবৈধ মজুত ঠেকানো এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নিয়মিত বাজার তদারকি আরও জোরদার করার পরামর্শ দেন তিনি। দুর্নীতিকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে তিনি মাঠ প্রশাসনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

ভাষণের প্রারম্ভে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ জাতীয় নেতৃবৃন্দের অনবদ্য অবদানের কথা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্মরণ করেন তিনি। রাষ্ট্রপতি কৃতজ্ঞতাভরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের এই অসীম সাহসিকতা দেশে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক নতুন বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত করেছে।