নিরাপত্তা ও স্বাভাবিক আইনি সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যেই দেশে ফেরার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের মুম্বাই থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের প্রত্যাবর্তন, মামলা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’ লিগের উদ্বোধনী ইভেন্টে অংশ নিয়ে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, নিজের রাজনৈতিক অবস্থান এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
দেশে ফেরা প্রসঙ্গে সাকিব বলেন, আমি ফিরবো, কোর্টে যাবো, মামলা লড়বো। কোনও সমস্যা নেই। কিন্তু, আমার নিরাপত্তা তো দিতে হবে। আমি তো বলছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের চারটা গাড়ি সামনে থাকবে। একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করা হবে না— এটুকু গ্যারান্টি কালকে দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।
তিনি আরও দাবি করেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় সাধারণ আর্থিক লেনদেন, এমনকি চেক সংক্রান্ত সমস্যাগুলোরও সমাধান করতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ দেড় বছর তদন্ত চললেও এখন পর্যন্ত কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
২০২৪ সালের অক্টোবরেও অন্তর্বর্তী সরকারের সময় দেশে ফেরার কথা ছিল সাকিবের। সে সময়ের ঘটনা তুলে ধরে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক আছে জেনেই প্লেনে উঠেছিলাম। তখন যারা দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেই দেশে যাচ্ছিলাম। দুবাইয়ে নামার পরে দেখলাম, ফোনে মিসড কল। আমি কল ব্যাক করলাম। ওখান থেকে বলল যে, ‘একটু সমস্যা হয়ে গেছে, আপনি না এলে ভালো হয়।’ আমি বললাম, ‘ঠিক আছে, তাহলে আর কী করার!’ দুবাইয়ে একদিন থেকে ফেরত গেলাম।