নির্বাচনী দায়িত্বে পুলিশের বড় অংশ মাঠে থাকায় এবং গ্রামমুখী যাত্রীর চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শুধু এই মহাসড়ক নয়, একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েও সকাল থেকে শত শত যানবাহন আটকে রয়েছে।
স্থানীয়রা জানান, বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ট্রাফিক পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য গ্রামের দিকে লোকস্রোত বৃদ্ধি পাওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তবে নির্বাচনী দায়িত্বে পুলিশের বেশির ভাগ সদস্য মাঠে থাকায় সড়কে নিয়ন্ত্রণ রয়েছে মাত্র হাতে গোনা কয়েকজনের।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস কালের কণ্ঠকে বলেন, “নির্বাচনী কারণে আমাদের প্রায় সব সদস্যকে মাঠে পাঠানো হয়েছে। আমরা শিমরাইলে মাত্র দুজন দায়িত্ব পালন করছি। পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান জানান, “ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কার কাজের কারণে যানজটের প্রভাব এখানে পড়েছে। আমাদের থানায় মাত্র চারজন পুলিশ সদস্য রয়েছেন, বাকিরা সবাই নির্বাচনী ডিউটিতে। তবু আমরা যানজট কমানোর চেষ্টা চালাচ্ছি।”