কয়েক মাসের টানাপোড়েনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা পুনরায় চালুর দিকে এগোচ্ছে। দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনা করছে।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরকালে ভিসা কার্যক্রম স্বাভাবিক করাকে ঢাকার অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পুরোপুরি চালু রয়েছে।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ থাকা ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু করা হয়। এ সময়ে প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ।
সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিসহ একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেয়।
এর আগে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা–দিল্লি সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ জোরদার হয়।