শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

দারিদ্র্য বিমোচনে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রুহুল কবির রিজভী

দারিদ্র্য বিমোচনে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

দারিদ্র্য বিমোচনে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রুহুল কবির রিজভী
দারিদ্র্য বিমোচনে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সাইফুর রহমানের অর্থনৈতিক অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন অর্থনীতির ব্যবস্থাপক ছিলেন, যিনি টাকা পাচার বন্ধ করেছিলেন। সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার সুপার ক্যাপাসিটি ছিল। তার কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাবের সময় দূরীভূত করেছে।’

বিগত বছরগুলোর অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছরে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাওয়ার যে সিন্ডিকেশন দেখেছি, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন তখন টাকা লুটপাট, পাচারের কথা শুনিনি। এমনকি ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে সরকারের বাজেট ঘাটতি পুরন কথা শুনিনি। পরবর্তী সময়ে লুটপাটের বাজেটের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে শূন্য করে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির শাসনামলের উন্নয়নের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।’

সাইফুর রহমানের সততা ও দক্ষতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলে তখন শেয়ার বাজার লুট হয়নি। এটি তার বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত জায়গায় নিতে সাইফুর রহমানের বিশাল অবদান ছিল।’

কৃষি অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে যাবে এটা কেউ ভাবতে পারেনি। অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান পেরেছিলেন। আজকে দেশের অর্থনীতির যে ভীত তা সাইফুর রহমানের একক অবদান। সামাজিক সুরক্ষা ধারণা এদেশে প্রথম দিয়েছিলেন সাইফুর রহমান।’

বাংলাদেশ ভবিষ্যতে আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে বক্তৃতায় আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।