যুক্তরাজ্যের লন্ডনে একাধিক নারী ও কিশোরীকে ধর্ষণসহ বিভিন্ন ভয়াবহ যৌন অপরাধের দায়ে আব্দুল হালিম খান নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট এই সাজা ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, তাকে ন্যূনতম ২০ বছর কারাগারে কাটাতে হবে।
টাওয়ার হ্যামলেটসের ওল্ড ফোর্ড রোডের এই বাসিন্দা তার আধ্যাত্মিক প্রভাব ও ধর্মীয় পদের অপব্যবহার করে দীর্ঘ সময় ধরে জঘন্য এ অপরাধগুলো চালিয়ে আসছিলেন। তদন্তে জানা যায়, তিনি স্থানীয় বাঙালি কমিউনিটিতে নিজের গ্রহণযোগ্যতাকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। আধ্যাত্মিক ক্ষমতার মিথ্যা প্রলোভন দেখিয়ে এবং নারীদের সরলতার সুযোগ নিয়ে তিনি তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি আব্দুল হালিম খানের বিরুদ্ধে আনা ২১টি যৌন অপরাধের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ৯টি ছিল সরাসরি ধর্ষণের অভিযোগ। মোট সাতজন ভুক্তভোগী তার লালসার শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এবং লন্ডন নগর পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জেনি রোনান এই রায় প্রসঙ্গে বলেন, আব্দুল হালিম খান সমাজে নিজেকে একজন সম্মানিত ও বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু তার আড়ালে ছিল এক হিংস্র সত্তা। তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে অসহায় ও দুর্বল নারীদের লক্ষ্যবস্তু বানাতেন এবং তাদের বিশ্বাস ভঙ্গ করে পৈশাচিক নির্যাতনে লিপ্ত হতেন। এই সাজার মাধ্যমে ভুক্তভোগীরা দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার পেলেন বলেও তিনি মন্তব্য করেন।