চলতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি সই হচ্ছে না—এমনটাই স্পষ্ট করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, সময় স্বল্পতার কারণে এই সরকারের আমলে চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব নয়।
রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, “এই সরকারের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে। ডিপি ওয়ার্ল্ড আমাদের কাছে আরও কিছু সময় চেয়েছে। তাই এই সময়ের মধ্যে চুক্তি সই হওয়ার সুযোগ নেই।”
তিনি জানান, প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাসে চুক্তির চূড়ান্ত সমঝোতার পর্যায়ে আলোচনা এগিয়েছে, যা এখনো চলমান রয়েছে। সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং এই আলোচনা ভবিষ্যতেও চলবে। প্রকল্পটি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
বিডা চেয়ারম্যান আরও বলেন, রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। সেখানে চলমান আলোচনার অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ সঠিক পথে এগোবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে।
তিনি জানান, ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে শেয়ার করা হয়েছে। সেটি পর্যালোচনার জন্য তারা সময় চেয়েছে। আশিক চৌধুরী বলেন, “এই সরকারের আমলে সাইন হচ্ছে না—এটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ বাকি দুই কার্যদিবসের মধ্যে তারা ফিরে এলেও আমাদের নিজস্ব প্রক্রিয়া, ক্যাবিনেট অনুমোদনসহ সব ধাপ সম্পন্ন করা বাস্তবসম্মত নয়।”
তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষরের জন্য আগে থেকে কোনো নির্দিষ্ট তারিখও নির্ধারিত ছিল না।
এদিকে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সকালে সীমিত সময়ের জন্য জেটিতে পণ্য খালাসের কাজ চললেও পরে সেটিও বন্ধ হয়ে যায়। তবে বহির্নোঙরে পণ্য খালাসের কার্যক্রম চালু রয়েছে।