ইরানের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি দুবাই বিমানবন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
সোমবার (১৬ মার্চ) অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দরের সব উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্ত স্থায়ী নয়; পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।
দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, গতকাল রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এর ফলে বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর কয়েক ঘণ্টার নিবিড় প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফ্লাইট বাতিলের বিষয়ে এক্সে দেওয়া বার্তায় বলা হয়েছে, “সব যাত্রী এবং বিমাবন্দরের স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে যাবতীয় ফ্লাইট বাতিল করেছে বিমাবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের তাদের এয়ারলাইন্সে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী হালনাগাদ তথ্য বিভিন্ন অফিশিয়াল চ্যানেলে জানানো হবে।”
উল্লেখ্য, দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। প্রতিদিন এখানে হাজার হাজার উড়োজাহাজ ওঠানামা করে এবং বহু আন্তর্জাতিক যাত্রীর জন্য এটি গুরুত্বপূর্ণ যাত্রাবিরতির কেন্দ্র। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য লাখ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন।