শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন।

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি রাজধানী ঢাকায় অবতরণ করেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই বাংলাদেশে দেশটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের মেয়াদেও এটিই প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের উচ্চপর্যায়ের সফর বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পল কাপুরকে অভ্যর্থনা জানান। সফরের প্রথম রাতে তার কোনো নির্ধারিত কর্মসূচি না থাকলেও বুধবার সকাল থেকে তিনি সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে সিরিজ বৈঠকে অংশ নেবেন। খসড়া সূচি অনুসারে, বুধবার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। এরপর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে। ওই দিন সন্ধ্যায় তিনি দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

সফরের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার পল কাপুর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকা ত্যাগের আগে ওই দিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানেও তার অংশগ্রহণের কথা রয়েছে। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।