শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, কোথাও ভোটকেন্দ্র দখল বা জালিয়াতির চেষ্টা হলে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, কোথাও ভোটকেন্দ্র দখল বা জালিয়াতির চেষ্টা হলে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। একই সঙ্গে আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং বিশেষ ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে বলেও তিনি জানান। এ প্রসঙ্গে তিনি কড়া ভাষায় বলেন, “যেকোনো অনিয়মে জড়িত ব্যক্তি নিজের ভাই বা বোন হলেও রেহাই পাবেন না। সাময়িক জামিন নিয়ে এলেও শেষ রক্ষা হবে না।”

অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্রের পাশাপাশি বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত সব অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ লক্ষ্যে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং প্রতিদিনই অগ্রগতি হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপভোগ করতে পারবে। ময়মনসিংহ অঞ্চলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে ঝিনাইগাতিতে সংঘটিত সহিংসতার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।