শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ঈদের আগে তৎপর হচ্ছে অজ্ঞান পার্টি, অবচেতন অবস্থায় উদ্ধার উত্তরবঙ্গের ৪ যাত্রী

ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার সময় প্রতারণাকারী ‘অজ্ঞান পার্টির’ ফাঁদে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী।

ঈদের আগে তৎপর হচ্ছে অজ্ঞান পার্টি, অবচেতন অবস্থায় উদ্ধার উত্তরবঙ্গের ৪ যাত্রী

ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার সময় প্রতারণাকারী ‘অজ্ঞান পার্টির’ ফাঁদে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী। 

শনিবার (১৪ মার্চ) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মহাসড়কের পাশে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, উপজেলার ভূইয়াগাতি সেতুর পাশ থেকে চারজনকে উদ্ধার করা হয়। পরে তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল (৩৬), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম (২৮)। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

ওসি ইসমাইল হোসেন বলেন, কিছুটা জ্ঞান ফেরার পর একজন যাত্রী জানিয়েছেন যে ট্রাকে থাকা এক ব্যক্তি টাঙ্গাইল এলাকায় তাদের খেজুর খেতে দেন। খেজুর খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছ থেকে সব মূল্যবান জিনিসপত্র নিয়ে ভোরের দিকে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম রনি জানান, এ ধরনের ঘটনায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরে পান। তিনি বলেন, স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে রোববার তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন।