বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ইমরান হোসেন সোহাগ নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ইমরান হোসেন সোহাগ নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহাগ বাঘইল মুন্নবীপাড়া এলাকার এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের রাজনীতির পাশাপাশি ‘জিয়া সাইবার ফোর্স’ এর উপজেলা কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোহাগ তার সহযোগীদের নিয়ে সাঁড়া গোপালপুর স্কুলের পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ একদল সশস্ত্র সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে গুলিবর্ষণ শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। জখম মারাত্মক হওয়ায় ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

হত্যাকাণ্ডের কারণ হিসেবে রাজনৈতিক বিরোধের কথা উল্লেখ করেছেন নিহতের সহকর্মীরা। তাদের দাবি, উপজেলা বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলা চালানো হয়েছে। সোহাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের মাথায় গভীর ক্ষত পরিলক্ষিত হয়েছে এবং সেখানে গোলাগুলির আলামতও মিলেছে। তবে সোহাগের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে—গুলিতে নাকি ধারালো অস্ত্রের আঘাতে, তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে।