শিক্ষা
এইচএসসি কেন্দ্র থাকবে নকল ও প্রভাবমুক্ত: শিক্ষামন্ত্রী
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রতিটি কেন্দ্রকে সম্পূর্ণভাবে নকল এবং সব ধরনের প্রভাবমুক্ত রাখা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রতিটি কেন্দ্রকে সম্পূর্ণভাবে নকল এবং সব ধরনের প্রভাবমুক্ত রাখা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
যেকোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁসের অপচেষ্টা কিংবা অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করে তিনি কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আজ রবিবার আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং ওই অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, শিক্ষার্থীদের মেধার সঠিক ও ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করার স্বার্থে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ অবশ্যই পুরোপুরি প্রভাবমুক্ত ও নকলমুক্ত করতে হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা প্রশ্নফাঁসের অপতৎপরতা সহ্য করা হবে না। পরীক্ষার সার্বিক স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে তিনি সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও শিক্ষককে আন্তরিকতা এবং গভীর দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা খাতের বিভিন্ন আইনি জটিলতা এবং মামলার জটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশাসনিক গতিশীলতা বাধাগ্রস্ত হয়। শিক্ষাঙ্গন থেকে এই ধরনের স্থবিরতা দূর করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গতিশীল পরিবেশ তৈরি করতে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।
সিলেট শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এই বিশেষ সভায় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করার বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।