বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় চলন্ত গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে জুয়েল হাওলাদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় চলন্ত গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে জুয়েল হাওলাদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল ওই এলাকার মেরাজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস ও প্রাইভেটকার থামিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে টাকা আদায় করে আসছিল। শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিক আহম্মেদ সাগর একটি ভাড়া করা প্রাইভেটকারে ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে জুয়েল তার গাড়িটি থামিয়ে চালকের কাছে দুই শ টাকা চাঁদা দাবি করেন এবং তা আদায় করেন। সাংবাদিক সাগর তখন গোপনে এই পুরো দৃশ্যটি নিজের মুঠোফোনে ধারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, জুয়েল চালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় বেশ দাম্ভিকতা প্রদর্শন করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটি শিবচর নয় বরং শরীয়তপুর, তাই এখানকার নিয়ম আলাদা। সাংবাদিক সাগর তার পরিচয় ও টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি তর্কে জড়িয়ে পড়েন এবং নিজেকে 'রানা' নামে পরিচয় দিয়ে সেখান থেকে সটকে পড়েন।

ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর প্রশাসনের নজরে আসে এবং দ্রুত অভিযান চালিয়ে তাকে শনাক্ত করে আটক করা হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানিয়েছেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে জুয়েলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।