শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও প্ল্যানিং উপদেষ্টা মো. জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও প্ল্যানিং উপদেষ্টা মো. জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানায় ওই জিডি করা হয়। ডায়েরিতে জয়নাল আবেদীন শিশির উল্লেখ করেন, একটি অজ্ঞাতনামা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫৪ মিনিটে তিনি হাতিরঝিল থানাধীন নিজ বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অচেনা নম্বর থেকে কল ও মেসেজ আসে। কলকারী নিজের পরিচয় প্রকাশ না করে তাকে যে কোনো সময় গুলি করে হত্যার হুমকি দেয়। পরে একই নম্বর থেকে একাধিকবার কল করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ডায়েরিতে আরও বলা হয়, এসব হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান এনসিপির এই নেতা।