বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে কোন্দল চরমে পৌঁছেছে। শুক্রবার বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় দলটির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে কোন্দল চরমে পৌঁছেছে। শুক্রবার বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় দলটির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালামপুর বাসস্ট্যান্ডে এনসিপির প্রধান কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালে ঢাকা জেলা উত্তর কমিটির একটি অংশের সাথে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নিলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঢাকা জেলা উত্তর কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উপজেলা শাখার নেতা-কর্মীরা সুপরিকল্পিতভাবে তাদের ওপর এই হামলা চালিয়েছেন।

পাল্টা অভিযোগ করে ধামরাই উপজেলা এনসিপির দায়িত্বশীলরা জানান, আগে থেকেই ঢুলিভিটা এলাকায় দলটির একটি সুপ্রতিষ্ঠিত কার্যালয় থাকা সত্ত্বেও কেন নতুন করে আরেকটি অফিস খোলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধের সূত্রপাত। তাদের দাবি, যৌক্তিক কারণ জানতে চাওয়ার প্রেক্ষিতেই প্রতিপক্ষ গ্রুপটি আক্রমণাত্মক হয়ে ওঠে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ গণমাধ্যমকে জানান, জেলা উত্তর কমিটির আত্মপ্রকাশের ফলে অনেকের ব্যক্তিগত স্বার্থ ও জুলাই আন্দোলন কেন্দ্রিক অনৈতিক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেই আক্রোশ থেকেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই বিপ্লব ও শহীদদের আবেগ নিয়ে কোনো ধরনের বাণিজ্য এনসিপি বরদাশত করবে না। যারা সাধারণ মানুষ ও শহীদ পরিবারের ওপর নিপীড়ন চালায়, তাদের সঙ্গে দলের কোনো আপস নেই।

অন্যদিকে এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন ভিন্ন মত পোষণ করেছেন। তিনি জানান, দীর্ঘ ১৬ মাস ধরে ঢুলিভিটা এলাকার কার্যালয় থেকে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলতি মাসের শুরুতে ঢাকা জেলা উত্তরের নতুন কমিটি গঠনের পর হঠাৎ করে নতুন কার্যালয় উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করায় তাদের ওপর হামলা হয়েছে।

এই সংঘাতের বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, রাজনৈতিক কার্যালয়ে দুই পক্ষের মারামারি খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।