এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে রাজধানীতে শৃঙ্খলা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকার ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং নগরীর সার্বিক ট্রাফিক স্বাভাবিক রাখতে নগরবাসী ও চালকদের কিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে—পরীক্ষার্থীরা যেন যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হন। যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন, তারা কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যাবেন এবং ফেরার সময়ও একই পদ্ধতি অনুসরণ করবেন।
এছাড়া পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন ঘটালে তা সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে কেন্দ্রসংলগ্ন সড়কগুলো জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে অন্যান্য যাত্রীদের। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই বিধিনিষেধ জারি করা হয়েছে, যা ২১ এপ্রিল ২০২৬ থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন কার্যকর থাকবে।
রাজধানীতে পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।