বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়ায় তদন্ত ও পুলিশ ভেরিফিকেশন বাতিলের দাবি বাংলাদেশ যুব ফ্রন্টের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট। একই সঙ্গে সরকারি চাকরিতে প্রচলিত পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল বা মৌলিকভাবে সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়ায় তদন্ত ও পুলিশ ভেরিফিকেশন বাতিলের দাবি  বাংলাদেশ যুব ফ্রন্টের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট। একই সঙ্গে সরকারি চাকরিতে প্রচলিত পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল বা মৌলিকভাবে সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ যুব ফ্রন্টের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার। ২৫ সেপ্টেম্বর সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব দাবি জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের নিয়োগপত্র বিতরণ শুরু হলেও প্রায় ৭ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের অনেকেই তাদের নিয়োগ না পাওয়ার বিষয়ে অভিযোগ ও হতাশা প্রকাশ করেছেন। কারও কারও অভিযোগ, পুলিশ ভেরিফিকেশনের পর তাদের নাম নিয়োগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।"

তিনি বলেন, "লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া অতিক্রম করে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের নিয়োগপত্র আটকে রাখার কোনো ঘটনা ঘটে থাকলে তার স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। একজন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করার পর কোনো গোপনীয় বা অস্পষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তার চাকরি বাতিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ জানার এবং সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগ দিতে হবে।"

পুলিশ ভেরিফিকেশন নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, "পুলিশ ভেরিফিকেশনের নামে চাকরিপ্রার্থীদের হয়রানি নতুন কোনো ঘটনা নয়। অতীতে এই প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক মতাদর্শ কিংবা পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতার মতো বিষয় বিবেচনায় নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। অথচ একজন নাগরিকের রাজনৈতিক মতপ্রকাশ বা গণতান্ত্রিক অধিকার চর্চা তাকে রাষ্ট্রীয় চাকরি থেকে বঞ্চিত করার কারণ হতে পারে না। চাকরিতে নিয়োগের ভিত্তি হওয়া উচিত প্রার্থীর যোগ্যতা, মেধা ও নির্ধারিত পরীক্ষার ফলাফল—কোনো রাজনৈতিক পরিচয় নয়।

গণ-অভ্যুত্থানের পর গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু তা করা হয়নি। সরকার একদিকে সংস্কারের কথা বলবে , অন্যদিকে পুরোনো বৈষম্যমূলক ও হয়রানিমূলক ব্যবস্থাই বহাল রাখবে —এটা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় নিয়োগ ও প্রশাসনে রাজনৈতিক বিবেচনার যে অভিযোগ ছিল, গণ-অভ্যুত্থানের পরও যদি একই ধরনের চর্চা অব্যাহত থাকে, তাহলে ছাত্র-যুব সমাজ আবারও রুখে দাঁড়াবে।"

চার দফা দাবি

১. চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া সব প্রার্থীর বিষয়ে দ্রুত তদন্ত করতে হবে।

২. পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়ে থাকলে তার সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে এবং আপিলের সুযোগ দিতে হবে।

৩. জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী চাকরির ক্ষেত্রে প্রচলিত পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা বাতিল বা মৌলিকভাবে সংস্কার করতে হবে।

৪. নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার ভিত্তি নিশ্চিত করতে হবে।