দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তাদের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষে ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের প্রথম চালান গ্রহণ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক বিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় তিনটি বিমান জাকার্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সামরিক আধুনিকায়ন পরিকল্পনার আওতায় ফ্রান্সের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ড্যাসাল্ট এভিয়েশন থেকে মোট ৪২টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের আদেশ দেওয়া হয়েছিল। এছাড়া এই চুক্তিতে ফরাসি ফ্রিগেট ও সাবমেরিন অন্তর্ভুক্ত রয়েছে। ২০২২ সালে সম্পাদিত প্রায় ৮ বিলিয়ন ডলার মূল্যের এই ঐতিহাসিক চুক্তির প্রথম চালানটি গত শুক্রবার ইন্দোনেশিয়ায় এসে পৌঁছায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত জানান, বর্তমানে যুদ্ধবিমান তিনটি সুমাত্রার পশ্চিম দ্বীপে অবস্থিত রোয়েসমিন নুরজাদিন বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। হস্তান্তরের পরপরই এগুলো আকাশসীমা রক্ষায় ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।
মুখপাত্র আরও উল্লেখ করেন যে, ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ আরও বেশ কিছু রাফাল বিমান সরবরাহ করার কথা রয়েছে। তবে পরবর্তী চালানে ঠিক কতটি বিমান আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আঞ্চলিক নিরাপত্তা ও নিজেদের আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতেই ইন্দোনেশিয়া এই বড় ধরনের বিনিয়োগ করছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।