গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মিতি রানী দাস (৩৯) ও তার দুই বছরের সন্তান রুদ্র দাসের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের রাজেন্দ্রপুর অংশে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিতি রানী দাস গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রেললাইনের ওপর মা ও ছেলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মিতি রানী দাসের মৃত্যু হয়। তার শিশু সন্তান রুদ্র দাসকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটিরও মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে এটি দুর্ঘটনাবশত নাকি মা-ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই কাইয়ুম আলী।