অশ্লীল ও কুরুচিপূর্ণ গান তৈরির অভিযোগে ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। তার সাম্প্রতিক হরিয়ানভি মিউজিক ভিডিও ‘টাটিরি’-তে নারী শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ভিডিওতে অশালীন দৃশ্য প্রদর্শনের অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ‘টাটিরি’ গানটির ভিডিওতে স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে আপত্তিকর ভঙ্গিতে নাচতে দেখা যায়, যা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের মতে, এ ধরনের চিত্রায়ন সমাজে চরম নেতিবাচক বার্তা ছড়াচ্ছে। এই ঘটনায় গত শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা সেক্টর-২০ সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম আইনি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি হরিয়ানা মহিলা কমিশনও গানটির কথা ও দৃশ্যায়নকে ভারতীয় সংস্কৃতি ও শালীনতার পরিপন্থী বলে অভিহিত করেছে। প্রতিবাদের মুখে ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত এই গানটি সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাদশার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ধারা সহ বিভিন্ন সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে এই মামলার শুনানির জন্য তাকে তলব করা হয়েছে। বাদশা যেন দেশত্যাগ করতে না পারেন এবং তার অবস্থান নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই পুলিশ এই লুকআউট নোটিশ জারি করেছে।