শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

গানে অশ্লীলতার অভিযোগে নোরা ফাতেহিকে ডাকল মহিলা কমিশন

আলোচিত ‘সারকে চুনার’ গানে আপত্তিকর ও অশালীন পারফরম্যান্সের অভিযোগে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)।

গানে অশ্লীলতার অভিযোগে নোরা ফাতেহিকে ডাকল মহিলা কমিশন
ছবি : সংগৃহীত

আলোচিত ‘সারকে চুনার’ গানে আপত্তিকর ও অশালীন পারফরম্যান্সের অভিযোগে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)।

গানের দৃশ্যায়নে অশ্লীলতার দায়ে তাকে ৭ মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার মধ্যে কমিশনের দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর বিষয়বস্তু নিয়ে বিভিন্ন মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, গানটির দৃশ্যায়নে অত্যন্ত কুরুচিপূর্ণ ও যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি ব্যবহার করা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে নোরার পাশাপাশি অভিনেতা সঞ্জয় দত্ত এবং সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকের বিরুদ্ধেও সমন জারি করে।

জাতীয় মহিলা কমিশনের পর্যবেক্ষণে জানানো হয়েছে, গানটির চিত্রায়ন ও কথা ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং শিশুদের সুরক্ষায় প্রণীত ‘পকসো’ আইনের বেশ কিছু ধারাকে সরাসরি লঙ্ঘন করেছে। কমিশনের দাবি, এ ধরনের কন্টেন্ট সমাজের জন্য ক্ষতিকর এবং সুস্থ বিনোদনের পরিপন্থী।

উল্লেখ্য, গানটি প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। উদ্ভূত পরিস্থিতি এবং জনরোষের বিষয়টি বিবেচনা করে ভারত সরকার ইতোমধ্যে ‘সারকে চুনারি’ গানটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই ঘটনার আনুষ্ঠানিক শুনানি ও যথাযথ তদন্তের স্বার্থে নোরা ফাতেহিকে সশরীরে হাজির হওয়ার কড়া নির্দেশ দিল কমিশন।