দেশের বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মোবাইল ও ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নেটওয়ার্ক সচল রাখার লক্ষ্যে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ বুধবার অংশীজনদের নিয়ে একটি সমন্বিত জরুরি সভা ডেকেছে সংস্থাটি। ক্রমবর্ধমান জ্বালানি তেলের সংকট এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো ও সার্ভারগুলো ঝুঁকির মুখে পড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাব এবং নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের ফলে মোবাইল টাওয়ার ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও কল সেবায় বিঘ্ন ঘটছে, যা সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বিটিআরসি দেশের ডাটা সেন্টার, কোর নেটওয়ার্ক সাইট এবং মোবাইল টাওয়ারগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে টেলিকম খাত যেন অচল হয়ে না পড়ে, সেজন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
আজ বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ সংক্রান্ত প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিভিন্ন মোবাইল অপারেটর, এনটিটিএন ও টাওয়ার কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এবং এমটবের প্রতিনিধিরা উপস্থিত থেকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করবেন। সংশ্লিষ্টদের মতে, এই সমন্বিত উদ্যোগই পারবে সম্ভাব্য নেটওয়ার্ক বিপর্যয় রোধ করে গ্রাহকসেবাকে সচল রাখতে।