দেশের গণমাধ্যমসমূহের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। একই সঙ্গে বিগত ফ্যাসিবাদী শাসনামলে যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার সংবাদপত্রের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাস অতিবাহিত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল পরিবেশ তৈরিতে অংশীদারদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে দ্রুতই এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিগত সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের ওপর দমন-পীড়ন চালানো ছিল ফ্যাসিবাদের অন্যতম বৈশিষ্ট্য। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই শাসনের অবসান ঘটানো হয়েছে। যারা সত্য ও স্বাধীনতার চর্চা করতে গিয়ে নিগৃহীত হয়েছেন, সেই অপরাধগুলো কখনোই বিস্মৃত হতে দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করতে এবং ভুক্তভোগী সাংবাদিকদের তালিকা প্রণয়নে সাংবাদিক প্রতিনিধিদের যুক্ত করে ইতিমিধ্যেই কার্যক্রম শুরু হয়েছে।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রশিল্পী খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।