শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ও নিয়মনীতি লঙ্ঘন করে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ও নিয়মনীতি লঙ্ঘন করে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনা ও মাটি কাটার দায়ে সংশ্লিষ্ট মালিকদের মোট ১৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এবং এ কে এম ফয়জুল বারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস এবং শিয়ার ব্রিকসে এই বিশেষ তল্লাশি চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিল এবং অবৈধভাবে মাটি সংগ্রহ করছিল। এই অপরাধে সোহাগ ব্রিকসকে ৪ লাখ, রাজ ব্রিকসকে ৩ লাখ, স্টার ব্রিকসকে ৪ লাখ এবং শিয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ওই চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর চুল্লি গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স ও মুহাম্মদ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানিয়েছেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধে এবং অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান আগামীতেও বজায় থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।