গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগের রাতে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ও রাতের পৃথক সময়ে সদর উপজেলা এবং টুঙ্গিপাড়ায় এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কোনো বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর, রাত ৮টার দিকে জেলা শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনেও একইভাবে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সড়কের ওপর ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলাতেও নাশকতার চেষ্টা চালানো হয়। রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নির্বাচনের আগমুহূর্তে ভোটকেন্দ্রের আশেপাশে এমন বিস্ফোরণের ঘটনায় ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।