গ্যাস সরবরাহে সংকটের কারণে নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্যাস সংকটের কারণে কর্তৃপক্ষের নির্দেশে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, এর আগে সার কারখানাটি শতভাগ উৎপাদন সক্ষমতায় চালু ছিল। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই কারখানায় সার তৈরির পুরো প্রক্রিয়াই গ্যাসনির্ভর।
বর্তমানে উৎপাদন বন্ধ থাকলেও কারখানার গুদামে প্রায় ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে।
কারখানাটিতে নিয়মিত উৎপাদন চালু রাখতে দৈনিক ৭১ থেকে ৭২ পিএসআই গ্যাস চাপ প্রয়োজন হয়। তবে ৫২ থেকে ৫৩ পিএসআই গ্যাস সরবরাহ পেলেও সীমিত আকারে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ শুরু হলে দ্রুত আবার পূর্ণমাত্রায় উৎপাদন চালু করা যাবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে জানতে পলাশে অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আল আমিনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।