জাতীয় দলের নতুন কোচ নিয়োগ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। তবে ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু নিয়ে তৈরি হওয়া জটিলতা সেই আলোচনাকে আড়াল করে দিয়েছে। এই পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) সকাল ১১টায় জরুরি নির্বাহী সভা ডেকেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
গতকাল বিকেলে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান—দুই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে মোহামেডান স্পষ্ট জানিয়ে দেয়, তারা কিংস অ্যারেনায় খেলবে না। বাফুফে সভাপতি রাতের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বললেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এই কারণেই আজ জরুরি সভা আহ্বান করা হয়েছে।
তবে নির্বাহী কমিটির বৈঠকের আগে জাতীয় দল কমিটির সভাও রয়েছে। গত কয়েকদিন অনলাইনে সভা হলেও আজ সকাল সাড়ে ১০টায় বাফুফে ভবনে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে।
সেই বৈঠকে হামজা-জামালদের নতুন কোচের নাম নিয়ে আলোচনা হবে এবং আনুষ্ঠানিক অনুমোদনও দেওয়া হতে পারে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও কারিগরি পরিচালক সাইফুল বারী টিটু সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের নিয়ে দর-কষাকষি ও নানা প্রক্রিয়া চালিয়ে আসছিলেন।
এই তালিকায় সবার পছন্দে ছিলেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তবে তার সঙ্গে চুক্তি হচ্ছে না বলে জানা গেছে।
এখন দ্বিতীয় পছন্দের একজন কোচ নিয়োগের দৌড়ে এগিয়ে আছেন। আজকের বৈঠকে তার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাবিথ আউয়াল জানান, আজকের মধ্যেই নতুন কোচের সঙ্গে চুক্তি হতে পারে।
তিনি আরও বলেন, আগামী ২৪ মে থেকে নতুন কোচের অধীনেই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।