মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

হবিগঞ্জে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ওষুধ জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক ঝটিকা অভিযানে অভিনব কায়দায় পাচারকালে বিশাল মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধের চালান আটক করেছে।

হবিগঞ্জে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ওষুধ জব্দ
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক ঝটিকা অভিযানে অভিনব কায়দায় পাচারকালে বিশাল মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধের চালান আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় পৌনে ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বড় ধরনের একটি চোরাচালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযানে নামে বিজিবির একটি দল। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় তারা কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে গতিরোধের সংকেত দেওয়া হলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন।

তল্লাশিকালে দেখা যায়, ট্রাকের ভেতরে থাকা ধানের তুষভর্তি বস্তাগুলোর নিচে অত্যন্ত নিপুণভাবে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী এবং ব্যথানাশক ওষুধ লুকানো ছিল। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা এসব অবৈধ পণ্যের চালানটি বিজিবি তাৎক্ষণিকভাবে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার করা চোরাই পণ্যগুলো বর্তমানে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।