শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হলান্ডকে ঠেকাতে ব্রাজিলের আলাদা পরিকল্পনা নেই: আনচেলত্তি

নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হলান্ডকে আটকাতে মাঠের খেলায় কোনো একক বা বিশেষ কৌশল খাটাচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

হলান্ডকে ঠেকাতে ব্রাজিলের আলাদা পরিকল্পনা নেই: আনচেলত্তি
ছবি : সংগৃহীত

নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হলান্ডকে আটকাতে মাঠের খেলায় কোনো একক বা বিশেষ কৌশল খাটাচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাও কোচের মতে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে কেবল একজন ফুটবলারকে নিয়ে পড়ে থাকলেই চলবে না, বরং প্রতিপক্ষের পুরো দলকেই একসঙ্গে মোকাবিলা করতে হবে।

গ্রুপ পর্বের বাধা টপকে শীর্ষস্থান ধরে রেখে শেষ বত্রিশে পা রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর মুহূর্তে গাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার গোলে জয় ছিনিয়ে নেয় লাতিন আমেরিকার পরাশক্তিরা।

স্থানীয় সময় আজ রবিবার মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। হাইভোল্টেজ এই ম্যাচের জয়ী দল শেষ আটে লড়বে ইংল্যান্ড অথবা অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর বিপক্ষে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, হলান্ডকে বোতলবন্দি করার জন্য ভিন্ন কোনো পরিকল্পনা সাজানোর যৌক্তিকতা তিনি দেখেন না। তার দলের রক্ষণভাগের ফুটবলারদের রক্ষণ সামলানোর কৌশল নতুন করে শেখানোর প্রয়োজন নেই, কারণ এর আগেও তারা আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে এই স্ট্রাইকারের মুখোমুখি হয়েছেন।

ব্রাজিল বস আরও যোগ করেন, দল হিসেবে তারা এখন দারুণ ছন্দে আছেন, তবে মাঠের পারফরম্যান্সে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। হলান্ডের খেলার ধরন সবার জানা। নরওয়ে দলগতভাবে অত্যন্ত গোছানো এবং তাদের আক্রমণভাগ বেশ ক্ষুরধার। তবে জাপানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জয়ের পর সেলেসাওদের আত্মবিশ্বাসের পারদ এখন তুঙ্গে।

দলের তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও প্রতিপক্ষের প্রধান ভরসা হলান্ডের প্রশংসা করে জানান, নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই আক্রমণ বজায় রাখার পাশাপাশি তার ওপর কড়া নজরদারি বজায় রাখা হবে যাতে তিনি ফাঁকা জায়গা না পান।

অবশ্য এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে চোটের ধাক্কা লেগেছে। জাপানের বিপক্ষে ম্যাচে ঊরুর পেশিতে চোট পাওয়ায় মাঝমাঠের অন্যতম ভরসা লুকাস পাকেতা এই ম্যাচে মাঠের বাইরে থাকছেন। তবে স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে উইঙ্গার রাফিনিয়ার মূল একাদশে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে।

অপরদিকে নরওয়ের কোচ স্তোলে সলবাক্কেনও মনে করেন, এই ম্যাচটি কেবল হলান্ডের সঙ্গে ব্রাজিলের দুই ডিফেন্ডার গাব্রিয়েল ও মার্কিনিয়োসের ব্যক্তিগত দ্বৈরথ নয়।

নরওয়েজিয়ান কোচের মতে, ব্রাজিলের রক্ষণভাগে এই মুহূর্তের বিশ্বসেরা জুটি রয়েছে। হলান্ডের সঙ্গে তাদের লড়াইটা উপভোগ্য হবে, তবে দিনশেষে এটি দুটি দলের মধ্যকার ঐতিহাসিক এক লড়াই।

সলবাক্কেন আরও স্বীকার করেন যে, শক্তির বিচারে এই ম্যাচে ব্রাজিলই ফেবারিট। তবে নিজের দলের সর্বোচ্চ সামর্থ্য ঢেলে দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। নরওয়ে শিবিরেও চোট কাটিয়ে রক্ষণভাগের ইউলিয়ান রিয়েরসনের ফেরার সম্ভাবনা থাকলেও অসুস্থতার কারণে হোলমগ্রেন পেদারসেনের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।