ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে জোর আলোচনা। চূড়ান্ত দলে জায়গা হয়নি বেশ কয়েকজন পরিচিত তারকার। বাদ পড়াদের তালিকায় রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি মাগুয়ার, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফোডেন এবং কোল পালমারের মতো বড় নাম।
স্কোয়াড ঘোষণার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যারি মাগুয়ার নিশ্চিত করেন যে তিনি বিশ্বকাপ দলে সুযোগ পাননি।
ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল এক বিশেষ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ২৬ সদস্যের দল ঘোষণা করেন। সেই দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন স্ট্রাইকার ইভান টনি। প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড সম্প্রতি সৌদি প্রো লিগে আল আহলির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও নির্বাচকদের আস্থা অর্জন করেন।
ফিল ফোডেন ও কোল পালমারের বদলে মিডফিল্ডে ভরসা রাখা হয়েছে মর্গান রজার্স ও জুড বেলিংহামের ওপর। এছাড়া ইনজুরির সমস্যা থাকলেও অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে জন স্টোন্সকে স্কোয়াডে রেখেছেন টুখেল।
আগামী ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গ্রুপপর্বে এরপর তারা মুখোমুখি হবে ঘানা ও পানামার।
ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার:
জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার:
রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল), দজেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)
মিডফিল্ডার:
ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), এবারিচি এজে (আর্সেনাল)
ফরোয়ার্ড:
হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)
সূত্র: ইএসপিএন